বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুরা নাগরিকত্ব পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসা হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ—সবাই নাগরিকত্ব পাবেন। গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু গতকাল মঙ্গলবার লোকসভায় বলেন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা ব্যক্তিদের দীর্ঘমেয়াদি ভিসা বা নাগরিকত্ব দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। খবর টাইমস অব ইন্ডিয়া ও পিটিআইয়ের।
বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, বাংলাদেশ থেকে নির্যাতন বা হয়রানির শিকার হয়ে যাঁরা এসেছেন, তাঁদের নাগরিকত্ব দিতে কেন্দ্রীয় সরকার শিগগিরই বর্তমান নাগরিকত্ব আইনে প্রয়োজনীয় সংশোধনী আনবে।
লোকসভায় গতকাল প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আসা বেশির ভাগ মানুষেরই কোনো কাগজপত্র নেই। পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা ব্যক্তিরা অবৈধ কাগজপত্র নিয়ে এসেছেন। আমরা এঁদের দীর্ঘমেয়াদি ভিসা বা নাগরিকত্ব দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ইতিমধ্যে এ ধরনের ভিসা ও নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া খুব সহজ করেছি।’