বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় বাহরাইন
বাংলাদেশ থেকে সরকারিভাবে শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাহরাইন।বাহরাইনের জনশক্তি আমদানিবিষয়ক সর্বোচ্চ প্রতিষ্ঠান লেবার মার্কেট রেগুলেটরি অথরিটির (এলএমআরএ) একটি প্রতিনিধিদল গতকাল সোমবার প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষার্যা করে এই আগ্রহের কথা জানায়। তিন সদস্যের বাহরাইনের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এলএমআরএর প্রধান ওসামা বিন আবদুল্লাহ।বৈঠক শেষে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘বাহরাইন সরকারিভাবে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়। এ ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আমাদের শ্রমিকদের অধিকার সংরক্ষণের বিষয়েও তাদের সঙ্গে কথা বলেছি।’মন্ত্রী বলেন, বেসরকারিভাবে কর্মী যেতে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয়ে যায়। তাঁরা নানাভাবে প্রতারণার শিকার হন। এসব কারণে আমরা সরকারিভাবে লোক পাঠানোর উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে মালয়েশিয়া ও হংকংয়ে এ প্রক্রিয়া শুরু হয়েছে।’ওসামা বিন আবদুল্লাহ বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কত সংখ্যক কর্মী নেওয়া হবে, কবে নেওয়া হবে, তা আমরা পরে জানাব।’প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন্নাহার এ সময় উপস্থিত ছিলেন।