বাংলাদেশ থেকে কিছু শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অবস্থানকারী সামান্য কিছু শরণার্থীকে দেশে ফিরিয়ে নেবে মিয়ানমার। দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। মিয়ানমারের অভিবাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, চলতি মাসের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের বৈঠক হয়। ওই বৈঠকে শরণার্থীদের প্রত্যাবাসন-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই কর্মকর্তা আরও জানান, চারটি শর্ত (্ক্রাইটেরিয়া) বিবেচনায় বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের মিয়ানমারে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে সব মিলিয়ে দুই হাজার ৫০০ শরণার্থী এই শর্ত পূরণ করতে পারবে বলে আশা করছে মিয়ানমার। শর্তগুলোর একটি হচ্ছে, যারা বৈধভাবে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবে, তাদের ফেরত নেওয়া হবে। রোহিঙ্গা শরণার্থীদের এই প্রত্যাবাসনের আওতায় বিবেচনা করা হচ্ছে না জানিয়ে ওই কর্মকর্তা দাবি করেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয়। বাংলা ভাষাভাষী এই জনগোষ্ঠী দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে-পরে উভয় দেশ যখন ব্রিটিশ উপনিবেশ ছিল, তখন মিয়ানমারে অনুপ্রবেশ করেছিল। বাংলাদেশে জাতিসংঘ পরিচালিত একটি উদ্বাস্তু শিবিরে প্রায় ২৮ হাজার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে। সরকারি হিসাবে, এর বাইরে বাংলাদেশে দুই থেকে তিন লাখ অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এএফপি।