ভারতের আসামে সাম্প্রতিক জাতিগত সহিংসতার সময় সেখানে বাংলাদেশ থেকে কোনো সন্ত্রাসীর অনুপ্রবেশের খবর পায়নি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সম্ভু সিং গত বুধবার রাতে আসামের কোকড়াঝাড়ে এ তথ্য জানিয়েছেন। খবর পিটিআইয়ের।সম্ভু সিং লোয়ার আসামের সংঘাতকবলিত জেলাগুলোতে সহিংসতার ঘটনায় গঠিত সাত সদস্যবিশিষ্ট দলের প্রধান।সম্ভু সিং বলেন, ‘আমরা এ পর্যন্ত কোনো বহিঃশক্তির জড়িত থাকার প্রমাণ পাইনি। সিবিআই (ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা) কয়েকটি মামলা তদন্ত করছে। বাইরের কেউ জড়িত থাকলে অবশ্যই বেরিয়ে আসবে।’তবে সম্ভু সিং স্বীকার করেন, অস্ত্র ব্যবসা বা ভারত-নেপাল ও ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারিতে কিছু অপরাধী জড়িত। কিন্তু আসামের ঘটনায় তাদের দোষারোপ করা যৌক্তিক নয় বলে উল্লেখ করেন তিনি।সম্ভু সিং আরও বলেন, কিছু রাজনৈতিক বিবৃতি লোকজনকে সহিংসতায় উসকে দিয়েছে। কিন্তু সহিংসতাকবলিত এলাকাগুলোকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং গৃহহীন লোকদের পুনর্বাসন করা হয়েছে।