বাংলাদেশ থেকে গৃহপরিচারিকা ও গাড়িচালক নেবে সৌদি আরব
গৃহপরিচারিকা ও গাড়িচালক হিসেবে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে সৌদি আরব। সম্প্রতি এই দুই ক্ষেত্রে শ্রমিক সংকট দেখা দেওয়ায় দেশটি বাংলাদেশসহ ১২টি দেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যের একটি সংবাদ ওয়েবসাইটের বরাত দিয়ে ইউএনবি এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ছাড়াও শ্রমিক নেওয়ার জন্য সৌদি আরবের বাছাই করা অপর দেশগুলো হলো কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কেমেনিস্তান, উজবেকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া, নেপাল, লাওস ও ভারত।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে ব্যবসা-সংক্রান্ত সংবাদের ওয়েবসাইট অ্যারাবিয়ানবিজিনেস ডটকম তাদের প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরব বাছাই করা এশিয়ার দেশগুলো থেকে শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে এবং দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে।
এদিকে বাংলাদেশ জনশক্তি ও কর্মসংস্থান সচিব জাফর আহমেদ খান সংবাদ সংস্থা ইউএনবিকে জানিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় সৌদি আরবের কাছ থেকে শ্রমিক নিয়োগ-সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক পত্র পায়নি। তবে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সঙ্গে দেশটির কর্তৃপক্ষ যোগাযোগ হতে পারে বলে তিনি মনে করেন।
জানা গেছে, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া ও শ্রীলঙ্কার কয়েক হাজার শ্রমিককে গৃহপরিচারিকা ও গাড়িচালক হিসেবে সৌদি আরবে নেওয়া হয়েছিল। কিন্তু ওই দেশগুলোর সঙ্গে সম্প্রতি চুক্তি ভঙ্গ হওয়ায় দেশটিতে শ্রমিক স্বল্পতা দেখা দিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে চুক্তি ভঙ্গের কারণ হিসেবে দেখানো হয়েছে শ্রমিক অধিকার লঙ্ঘন ও নির্যাতন।
উল্লেখ্য, একটি শিশু হত্যার অভিযোগে পর ইথিওপিয়া থেকে শ্রমিক নেওয়া নিষিদ্ধ করেছে সৌদি আরব। ইউএনবি।