বাংলাদেশ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নেবে সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে পেশাজীবী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চায় সৌদি আরব। দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ আবদুলাজিজ এম আল রাবিয়াহ্ গতকাল রোববার এ কথা জানিয়েছেন। রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাস গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে।
সৌদি আরব সফররত বাংলাদেশি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সৌদি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তাঁর রিয়াদের কার্যালয়ে গতকাল সাক্ষাৎ করেন। গত মাসে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রিয়াদে এটিই প্রথম কোনো বাংলাদেশি মন্ত্রীর সফর।
দ্বিপক্ষীয় বৈঠকে উভয় মন্ত্রী নিজ নিজ দেশের চিকিৎসকদের অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও গবেষণা সহযোগিতা বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে মতৈক্যে পৌঁছান। এমএস, এমডি ও এফসিপিএসের মতো বাংলাদেশের বিভিন্ন চিকিৎসা সনদের স্বীকৃতি আদায়ে সৌদি সরকারের সমর্থন চান মোহাম্মদ নাসিম। এতে দেশটিতে কাজের ক্ষেত্রে বাংলাদেশি চিকিৎসকদের সুবিধা হবে বলে তিনি উল্লেখ করেন। সৌদি মন্ত্রী জানান, তাঁর দেশে স্বাস্থ্য খাতে বিভিন্ন সংস্কার চলছে। এ জন্য তাঁরা যোগ্যতাসম্পন্ন বিদেশি নার্স নিয়োগ করতে আগ্রহী।
পরে উভয় দেশের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।