প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে অধিক জনশক্তি, বিশেষ করে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি অবকাঠামো, কৃষিভিত্তিক শিল্প, বিদ্যুৎ, তেল, গ্যাস, খনিজ সম্পদ উত্তোলন, শিক্ষা ও আইটি খাতে আমিরাতের অধিক বিনিয়োগের আমন্ত্রণ জানান। খবর বাসসের।
বাংলাদেশে আমিরাতের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাঈদ বিন হাজর আল শেহি গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।
উ. কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বাংলাদেশে উত্তর কোরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত রি সং হাইয়ন গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
রাজাপক্ষ ও লি সিয়েনের অভিনন্দন: শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং তাঁকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে বাসস এ কথা জানায়।