বাংলাদেশ থেকে পাচার সোনাসহ এক ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে পাচার হওয়া ৬৭৩ গ্রাম সোনাসহ সরণ লাল (৪৫) নামের ভারতের এক নাগরিককে গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে আটক করা হয়েছে৷ পেট্রাপোল সীমান্ত থেকে তাঁকে আটক করে ভারতের শুল্ক পুলিশ৷ সরণ লালের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায়৷
বেনাপোল অভিবাসন পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের পাসপোর্টধারী সরণ বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশে অভিবাসন ও শুল্ক বিভাগে আসেন। শুল্ক বিভাগের তল্লাশি শেষে দুই দেশের শূন্যরেখা পার হয়ে ভারতের শুল্ক কার্যালয়ে যাওয়ার পর সে দেশের শুল্ক পুলিশ তাঁর কোমর থেকে তিনটি সোনার বার উদ্ধার করে।
এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বেনাপোল কাস্টমস থেকে ব্যাগ তল্লাশির পরে সরণ সীমান্ত অতিক্রম করেন। পুলিশের কাজ শুধু পাসপোর্ট চেক করা। পাচার ঠেকাতে এখানে পুলিশের তেমন ভূমিকা নেই।
উল্লেখ্য, চলতি মাসে আরও দুটি সোনার চালান বাংলাদেশ থেকে পাচার হয়ে ভারতে ধরা পড়ে৷