বাংলাদেশ থেকে আবার কর্মী নিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ করে ওয়ার্ল্ড এক্সপো-২০২০ উপলক্ষে দেশটিতে যে কর্মযজ্ঞ হবে, তা সামনে রেখে বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের নতুন রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল শাহি গতকাল বুধবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। বেলা ১১টায় এই সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
খন্দকার মোশাররফ বলেন, ‘কেবল বাংলাদেশ নয়, সাতটি দেশ থেকে এখন কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছে আরব আমিরাত। তবে ওয়ার্ল্ড এক্সপোকে সামনে রেখে আমরা কর্মী নেওয়ার জন্য ফের আহ্বান জানিয়েছি। আমি বলেছি, আমাদের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে এখন দক্ষ লোক তৈরি হচ্ছে। সরকারিভাবে বিভিন্ন দেশে আমরা কম খরচে লোক পাঠাচ্ছি।’
মন্ত্রী খন্দকার মোশাররফের সঙ্গে ইউএইর রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব খন্দকার শওকত হোসেন এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (বিএমইটি) বেগম শামছুন্নাহার উপস্থিত ছিলেন।