বাংলাদেশ থেকে বিশ্ব বিপণন ফোরামের যাত্রা শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে বিশ্ব বিপণন ফোরাম নামে এক আন্তর্জাতিক পরিসরের সম্মেলন শুরুর ঘোষণা দিলেন সফররত ‘বিপণন-গুরু’ ফিলিপ কটলার। বাংলাদেশ ব্র‌্যান্ড ফোরাম (বিবিএফ) এর আয়োজন করবে। কটলার তাতে সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার ঢাকার র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে পেশাজীবীদের জন্য দিনব্যাপী এক সেমিনারে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপ কটলার।কটলার বলেন, ‘প্রতিবছর এই সম্মেলনে অংশ নিতে সারা বিশ্ব থেকে বিপণন পেশাজীবী ও বিশেষজ্ঞরা বাংলাদেশে আসবেন আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করতে। আর এই ফোরামে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।’বিপণন বিশেষজ্ঞ আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশকে নতুন করে তুলে ধরার সুযোগ হবে। এর মাধ্যমে বিশ্বের সেরা বিপণন পেশাজীবী ও বিশেষজ্ঞদের সামনে বাংলাদেশকে তুলে ধরা যাবে।বিবিএফ বা কটলার কেউই সম্মেলনটি শুরুর সুনির্দিষ্ট সময় ঘোষণা করেননি। তবে এ জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে জানিয়েছে বিবিএফ।বিবিএফ আয়োজিত সেমিনারে প্রায় এক হাজার ২০০ জন পেশাজীবী উপস্থিত ছিলেন। এতে ফিলিপ কটলার মূলত তাঁর নতুন বই মার্কেটিং ৩.০-কে কেন্দ্র করে নতুন বিপণন কৌশল নিয়ে আলোচনা করেন। দেশ হিসেবে বাংলাদেশের ব্র‌্যান্ডিংয়ের ভালো সম্ভাবনার কথা পুনর্ব্যক্ত করেন কটলার। তিনি বলেন, বাংলাদেশ সরকারের কর্মকর্তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলে কথা বলে তাঁর মনে হয়েছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্র‌্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম ও সেমিনারের পৃষ্ঠপোষক গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবীর।