বাংলাদেশ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট যাচ্ছে ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে আন্তর্জাতিক গেটওয়ের মাধ্যমে শিগগিরই উচ্চগতির ইন্টারনেট পাচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। কক্সবাজার হয়ে ওই ব্রডব্যান্ড সংযোগ ভারতের আগরতলায় যাবে। ভারতের কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী রবি শংকর প্রসাদ গতকাল শনিবার ত্রিপুরার আগরতলায় এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খবর পিটিআই ও এনডিটিভির।
এই প্রকল্পের আওতায়, ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের জন্য আগরতলায় একটি আন্তর্জাতিক গেটওয়ে স্থাপন করা হবে। ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ কোম্পানি বিএসএনএল ও বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তির আওতায় বাংলাদেশ থেকে সেখানে সংযোগ দেওয়া হবে।
টেলিকমমন্ত্রী প্রসাদ গত শনিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘এই প্রকল্প উত্তর-পূর্ব ভারতের টেলিযোগাযোগ-সংক্রান্ত সমস্যা বহুলাংশে লাঘব করবে। বর্তমানে, আমরা চেন্নাই থেকে কলকাতা হয়ে উত্তর-পূর্ব ভারতে সংযোগ দিচ্ছি। এটা এখন একটা সংক্ষিপ্ত রুটে পরিণত হবে। এখন বাংলাদেশের কক্সবাজারের কেব্ল ল্যান্ডিং স্টেশন থেকে আখাউড়া হয়ে আগরতলায় সংযোগ যাবে।’
এই প্রকল্পের খরচ পড়বে ১৯ দশমিক ১ কোটি রুপি। আর বার্ষিক পরিচালনা ব্যয় হবে প্রায় ৭ দশমিক ২ কোটি রুপি। টেলিকমমন্ত্রী বলেন, ‘আমরা ১০ জিবিপিএস-এর (প্রতি সেকেন্ডে গতি) ব্যান্ডউইথ পাব, যার গতি ৪০ জিবিপিএস পর্যন্ত বাড়ানো যাবে।’
আগামী বছরের জানুয়ারি মাসেই এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।