ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকা গতকাল সোমবার এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ থেকে ভারতে এত দিন শুধু সন্ত্রাসীদেরই পাঠানো হতো। এবার যোগ হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচিত বিটি বেগুনের বীজ।
খবরে বলা হয়, সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে ঢুকছে বিটি বেগুনের বীজ। একটা সময় ছিল, যখন বাংলাদেশে জিন প্রযুক্তিতে উৎপাদিত শস্য নিয়ে নানা সমালোচনা ও বিতর্ক শুরু হয়। বিষয়টিতে বিজ্ঞানীরা এখনো তাঁদের মতামত দেননি। এরই মধ্যে বাংলাদেশ থেকে ভারতে এই বেগুনের বীজ পাচার করা হচ্ছে। রাজ্যের কয়েকটি জেলার কৃষকেরা এ বীজ বপনও শুরু করেছেন বলে মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি বলেছে, ‘আমাদের কাছে সীমান্তের পশ্চিমবঙ্গ হয়ে এ দেশে বিটি বেগুনের বীজ চোরাচালান করার তথ্য আছে...এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন। কেননা, অনাগত ভবিষ্যতে জিন প্রযুক্তিতে উৎপাদিত শস্য মানুষ ও আমাদের জীববৈচিত্র্য উভয়ের ওপর বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে।’