বাংলাদেশ থেকে মানবপাচার বন্ধে সরকার বদ্ধপরিকর
বাংলাদেশ থেকে মানবপাচার বন্ধে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রী। এক মঞ্চে বসে তাঁরা বলেছেন, সরকার পাচার বন্ধে আইন ও কৌশল নির্ধারণ করছে। এখন দেশের সব শ্রেণী-পেশার মানুষকে এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ‘মানবপাচার প্রতিরোধ এবং জাতীয় কর্মপরিকল্পনা ২০১২-১৪ এর উদ্বোধন’ শীর্ষক সংলাপে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করেছে ইউএসএআইডি ও উইনরক নামের একটি প্রতিষ্ঠান। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘শুধু নারী নয়, আজ পুরুষেরাও পাচার হচ্ছে। অনেকেই জমিজমা বিক্রি করে দালালের মাধ্যমে বিদেশে যাচ্ছেন। সেখানে গিয়ে তাঁরা খাবার পাচ্ছেন না। এসব অনিয়ম বন্ধ করতেই মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ করা হয়েছে।’ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশ থেকে যারা বিদেশে যায়, তাদের একটি বড় অংশই দালালদের মাধ্যমে যায়। এই দালালদের নিয়ন্ত্রণ করা না গেলে অভিবাসন ব্যয় কমবে না। এটি না কমলে একজন শ্রমিক খরচের টাকা তুলতে গিয়ে দীর্ঘদিন বিদেশে থেকে অবৈধ হয়ে পড়বে। তখন সেটি পাচার বলে গণ্য হবে। তিনি বলেন, এ সমস্যার সমাধানে যারা বিদেশে যেতে চায়, সরকার তাদের নাম নিবন্ধন শুরু করেছে। এখন থেকে কেউ যাতে নিবন্ধন ছাড়া বিদেশে যেতে পারবে না।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘পাচার বন্ধের জন্য জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক যত আইন আছে, বাংলাদেশ সেসব আইনের অংশীদার। এসব আইন বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।’ প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, ‘যারা পাচার হয়, তাদের দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে হবে।’ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, ‘আমরা চাই, বাংলাদেশ থেকে মানবপাচার পুরোপুরি বন্ধ হয়ে যাক। এ জন্য যে ধরনের সহযোগিতা দরকার, যুক্তরাষ্ট্র তা অব্যাহত রাখবে।’ অনুষ্ঠানের শুরুতে মানবপাচরের বর্তমান অবস্থা, নতুন আইন ও সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মানবপাচার প্রতিরোধসংক্রান্ত জাতীয় কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুশতাক আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তরিকুল ইসলাম, বিজিবির মহাপরিচালক আনোয়ার হোসেন, উইনরকের বাংলাদেশ প্রতিনিধি সারা পিয়াজ্জানা প্রমুখ।