বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘু রোহিঙ্গাসহ রাখাইন রাজ্যের সব জনগোষ্ঠীর নাগরিকত্ব নিশ্চিত করতে মিয়ানমার সরকারকে পরিচয় যাচাইয়ে একটি সমন্বিত ও স্বচ্ছ প্রক্রিয়া প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে রাখাইন রাজ্যবিষয়ক পরামর্শক কমিশন। মিয়ানমারে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে পরিচয় যাচাইয়ের বিদ্যমান প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকায় রোহিঙ্গা এবং রাখাইন সম্প্রদায়ের লোকজন নাগরিকত্ব নিতে অনীহা প্রকাশ করেছে।

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন পরামর্শক কমিশন তাদের সুপারিশে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়াসহ দুই দেশের সম্পর্কোন্নয়নে একটি যৌথ কমিশন গঠনের সুপারিশ করেছে। আন্তর্জাতিক আইন মেনে যৌথ পরিচয় যাচাই শেষে মিয়ানমারের লোকজনকে দেশে ফেরার পথ সুগম করবে ওই কমিশন।

রাখাইন রাজ্যবিষয়ক পরামর্শক কমিশন, সংক্ষেপে যা আনান কমিশন নামে পরিচিত, গতকাল বৃহস্পতিবার তাদের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে এই সুপারিশ করেছে। কমিশনের ওয়েবসাইটে গতকাল প্রতিবেদনটি প্রচার করা হয়েছে।

বাংলাদেশ সীমান্তের লাগোয়া রাখাইনের সব জনগোষ্ঠীর অবস্থা, সেখানকার সহিংসতা, বাস্তুচ্যুতি এবং উন্নয়নে পিছিয়ে থাকার কারণ খুঁজে নিয়ে তা বিশ্লেষণের জন্য মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর ওই কমিশন গঠন করেন। কফি আনানের নেতৃত্বে নয় সদস্যের ওই কমিশনের ছয়জন মিয়ানমারের বিশিষ্ট নাগরিক। আগস্টের শেষে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

রাখাইনের সব জনগোষ্ঠীর নাগরিকত্ব নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়ে কমিশনের সুপারিশে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের কার্ড ছাড়াই সব শিশু এবং নাগরিকদের বংশধরেরা যাতে আপনাআপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে, তা সরকারকে নিশ্চিত করতে হবে। নাগরিকত্বের আওতায় শিশুদের আনার বিষয়টি নিশ্চিত করতে সরকারকে প্রতিটি বাড়িতে গিয়ে জন্মনিবন্ধনের জন্য একটি সমন্বিত প্রচারণা চালাতে হবে। নাগরিক হিসেবে যাদের পরিচয় নিশ্চিত হবে, চলাফেরাসহ তাদের সব ধরনের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

আনান কমিশন সহিংসতার কবলে পড়া রাখাইনের সব নাগরিকের জন্য কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই মানবিক সহায়তা নিশ্চিত করতে বলেছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী লোকজনকে বিচারের আওতায় আনতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তেরও প্রস্তাব করেছে।

প্রতিবেদনে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়াসহ দুই প্রতিবেশী দেশের সম্পর্কোন্নয়নে যৌথ কমিশন গঠনের সুপারিশ করেছে। কমিশন মনে করে, দুই দেশের জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিশন আন্তর্জাতিক আইন মেনে রোহিঙ্গাদের স্বদেশে ফেরার পাশাপাশি মানব, মাদক ও অবৈধ বাণিজ্য, অবৈধ অভিবাসন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আন্তসীমান্ত সন্ত্রাস বন্ধে গোয়েন্দা তথ্য বিনিময় ও সহযোগিতা বাড়াবে।