কাতার ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বাংলাদেশ থেকে লক্ষাধিক কর্মী নেবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, এসব কর্মীর কাতার যেতে খুব একটা খরচ হবে না।
কাতার সফর শেষে ঢাকায় ফিরে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণমন্ত্রী এসব কথা বলেন। গত ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কাতার সফর করে। সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন নাহার উপস্থিত ছিলেন।
সম্মেলনে শামছুন নাহার জানান, ৫ মার্চ থেকে বিদেশে যেতে আগ্রহী নারী কর্মীদের নাম নিবন্ধন শুরু হবে। নিবন্ধনের জন্য আগ্রহী নারী কর্মীদের বয়স ২৫ থেকে ৪৫ বছর হতে হবে। হাউসকিপার, কেয়ার গিভার, বেবি সিটার, মালি, গার্ড, ক্লিনার, ড্রাইভার, কুক পেশায় আবেদন করা যাবে। সারা দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টার, নগর ডিজিটাল সেন্টার, পৌরসভা ডিজিটাল সেন্টার, ৪২ জেলায় অবস্থিত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে টেলিটকের মাধ্যমে নিবন্ধন করা যাবে।