প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে সফররত মানবসম্পদমন্ত্রীর বৈঠক
বাংলাদেশ থেকে সব খাতে কর্মী নেবে মালয়েশিয়া
বাংলাদেশ থেকে নির্মাণ, সেবা ও উৎপাদনসহ সব খাতে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। নারী গৃহকর্মীও নিতে চায় দেশটি। তবে কখন থেকে কিংবা কতসংখ্যক কর্মী নেওয়া হবে, সে বিষয়ে তারা সুস্পষ্ট করে কিছু বলেনি। এ ছাড়া বাংলাদেশ থেকে সরকারিভাবে কেন এত কমসংখ্যক কর্মী মালয়েশিয়া যাচ্ছেন, সেটিও খতিয়ে দেখবে দেশটি।
ঢাকা সফররত মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ত জায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল সোমবার বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দিয়েছে।
তিন দিনের সফরে দুপুরে কুয়ালালামপুর থেকে নয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় পৌঁছান রিচার্ড জায়েম। বেলা সাড়ে তিনটার দিকে তিনি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বাংলাদেশের নয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই মন্ত্রী।
খন্দকার মোশাররফ বলেন, ‘বৈঠকে আমরা বলেছি, বাংলাদেশ থেকে আশানুরূপ লোক মালয়েশিয়া যাচ্ছে না। বনায়ন খাতে যাওয়ার জন্য আমাদের ১৪ লাখ লোক নিবন্ধন করলেও গত ২০ মাসে মাত্র পাঁচ হাজারের মতো লোক গেছে। আমরা মালয়েশিয়াকে অনুরোধ করেছি যেন তারা বনায়ন ছাড়াও অন্যান্য খাতে লোক নেয়। তারা আমাদের সে ব্যাপারে আশ্বস্ত করেছে। এ ছাড়া তারা গৃহকর্মী নিতে চায়। দুই দেশের সচিবের নেতৃত্বে এ ব্যাপারে একটি যৌথ কমিটি হবে। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এ ছাড়া সারওয়াক প্রদেশে তাদের ১২ হাজার কর্মী লাগবে বলে জানিয়েছেন।’
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় বনায়ন খাতে যাওয়ার জন্য যে ১৪ লাখ মানুষ নিবন্ধন করেছেন, তাঁদের মধ্য থেকেই ভবিষ্যতে অন্যান্য খাতে যাওয়ার সুযোগ পাবেন। তবে সবাই যেতে পারবেন এমনটি নয়। তাদের যত লোক লাগবে, ততজনই যেতে পারবেন।
মালয়েশিয়ার মন্ত্রী রিচার্ড জায়িম বলেন, ‘মালয়েশিয়া খুব দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সেই উন্নয়নে বাংলাদেশের কর্মীদেরও অবদান আছে। আমরা বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মন্ত্রিসভাও সেবা, নির্মাণ, উৎপাদন এসব খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া আমরা বাংলাদেশ থেকে গৃহকর্মী নিতে চাই। তবে আমরা তাদের গৃহকর্মী নয়, গৃহব্যবস্থাপক বলতে চাই।’
কবে নাগাদ এই কর্মী নেওয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিচার্ড বলেন, ‘এক্ষুনি সেটা বলা সম্ভব নয়। কারণ আমরা মাত্র প্রক্রিয়া শুরু করেছি।’ মালয়েশিয়া কেন বাংলাদেশ থেকে সরকারিভাবে এত কম কর্মী নিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটি আমরা খতিয়ে দেখব।’
বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল সাহার বিন দারুসমান ও শ্রম বিভাগের মহাপরিচালক জাফরি বিন জোয়াকিমসহ প্রতিনিধিদলের বাকি আট সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।