বাংলাদেশ থেকে সারসহ বিভিন্ন পণ্য আমদানি করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে সারসহ বিভিন্ন পণ্য আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে ভারতের রাজ্য ত্রিপুরা। ত্রিপুরার সফররত মুখ্যমন্ত্রী মানিক সরকার গতকাল শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে এ অভিপ্রায় ব্যক্ত করেন। খবর বাসসের।বৈঠককালে তাঁরা দুই দেশের জনগণের স্বার্থে দুই প্রতিবেশী দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মাহবুবুল হক সভা শেষে এ কথা জানান।মানিক সরকার বলেন, তাঁর সরকার দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ ট্রেড সেন্টার স্থাপনের জন্য একটি বাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মানিক সরকার শেখ হাসিনাকে ত্রিপুরা সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি ভবিষ্যতে সুবিধাজনক সময়ে ত্রিপুরা সফর করবেন। ভারতের রাজ্যের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ত্রিপুরা বাংলাদেশি পণ্যের একটি বড় বাজার হতে পারে।