
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের সাঁতারুরা সঠিক প্রশিক্ষণ এবং অনুশীলনের মাধ্যমে একদিন বিশ্বমানের প্রতিযোগী হিসেবে গড়ে উঠবে।
নৌবাহিনীর সদর দপ্তরের সুইমিংপুল কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শীর্ষক ‘সুইমার ট্যালেন্ট হান্ট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি অনুষ্ঠানের চূড়ান্ত রাউন্ডের প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন বয়সভিত্তিক শ্রেষ্ঠ আট ক্রীড়াবিদের প্রত্যেককে খেলাধুলায় আরও উন্নতি সাধনের জন্য পাঁচ লাখ টাকা করে চেক প্রদান করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ২০১৬ সালের ১৯ মে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতা শুরু হয়। প্রথম পর্বে সমগ্র বাংলাদেশের ৬৪ জেলার এবং ৪৮৯টি উপজেলা থেকে ২৫ হাজার সাঁতারু অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে চূড়ান্ত ধাপে নির্বাচিত হয় সেরা ৬০ জন সাঁতারু। এই কৃতী সাঁতারুদের জন্য লেখাপড়াসহ দেশে বিদেশে তিন বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আন্তরিক প্রচেষ্টায় সাঁতার প্রতিযোগিতাও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। তারই নিদর্শন এ প্রতিযোগিতায় খুদে সাঁতারুদের মেধার প্রতিফলন। তিনি বলেন, ‘এখানে আমাদের খুদে সাঁতারুদের যে নৈপুণ্য দেখলাম, তাতে আমি অত্যন্ত আশাবাদী। এখান থেকেই একদিন আমাদের বিশ্বমানের প্রতিযোগী উঠে আসবে।’
শেখ হাসিনা বলেন, ‘একসময় বাংলাদেশেরই মানুষ ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। কাজেই আমরা যে পারি সেটা আসলে আমরা প্রমাণ করতে পেরেছি।’ তিনি বলেন, দেশের সব উপজেলায় স্টেডিয়াম স্থাপনসহ জেলা পর্যায়ে স্টেডিয়াম উন্নয়ন ও সংস্কার করা হচ্ছে।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে আসায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।
নৌবাহিনীর প্রধান এবং বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ ও সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ মোল্লাও অনুষ্ঠানে বক্তব্য দেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, সেনাবাহিনী ও বিমানবাহিনীর প্রধানেরাসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।