বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। গতকাল বুধবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারের কম্পিউটার আউট সোর্সিং বিষয়ে এক কর্মসূচির সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, তথ্যপ্রযুক্তিতে দেশ অনেক এগিয়েছে। বিএনপি-জামায়াত জোটের অপরাজনীতি এবং জ্বালাও-পোড়াও না হলে দেশ আরও এগিয়ে যেত।
মোহাম্মদ নাসিম বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার ভাত-কাপড়ের নিশ্চয়তা দেওয়া হয়েছে। ঘরে বসেই তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের বেকার যুবকেরা উপার্জনের সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। বক্তব্য দেন স্থানীয় সাংসদ ম. আমজাদ হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ প্রমুখ।