বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশ। এখানে প্রতিদিন ৮ থেকে ১০টি সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় প্রতিদিন ১০-১৫ জন মারা যায়। অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়।গত বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর কার্যালয়ে যানবাহন চালকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ কথা বলেন। কর্মশালা চলবে ২৪ দিন। ৩৫-৪০ জন করে চালককে ১২টি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালার উদ্বোধন করেন যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান। প্রথম দিন মহাখালী বাস টার্মিনালের ৩৮ জন চালক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। এই কর্মশালায় সড়ক দুর্ঘটনা রোধে চালকের কৌশল, যানবাহনের ত্রুটি শনাক্তকরণ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সড়ক দুর্ঘটনা গবেষণাকেন্দ্র, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিআরটিএ ও বিশ্বব্যাংকের বিশেষজ্ঞরা প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি কর্মকমিশনের সদস্য ইকরাম আহমেদ, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক মসিউর রহমান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ। বিজ্ঞপ্তি।