বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় তৃতীয় শান্তিপূর্ণ দেশ
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ। গত বছরও বাংলাদেশ এ অঞ্চলের দেশগুলোর মধ্যে এই স্থানই দখল করেছিল। আজ প্রকাশিত বৈশ্বিক শান্তি সূচকে এ চিত্র উঠে এসেছে।
অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস (আইইপি) এই সূচক প্রকাশ করেছে। গত বুধবার একই প্রতিষ্ঠান বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০১৬ প্রকাশ করে। সেই তালিকায় বিশ্বের ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ২২তম। এর আগের বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ২৫তম।
সন্ত্রাসবাদ সূচকে আগের বছরের চেয়ে বাংলাদেশের অবস্থান পিছিয়ে গেলেও শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান এগিয়েছে। শান্তি সূচকে বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৩তম। পয়েন্ট ২ দশমিক ০৪৫। এর আগের বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৮৪তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এবার সবচেয়ে এগিয়ে আছে ভুটান। এরপর আছে নেপাল। বৈশ্বিক সূচকে ভুটানের অবস্থান ১৩তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে আফগানিস্তান। দেশটির বৈশ্বিক অবস্থান ১৬০। ভারতের অবস্থান পঞ্চম। বৈশ্বিক অবস্থান ১৪১। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের আগে আছে পাকিস্তান। দেশটির বৈশ্বিক অবস্থান ১৫৩। এ তালিকায় মালদ্বীপকে রাখা হয়নি।
শান্তির এই সূচকে সহিংসতার কারণে বিভিন্ন দেশের ক্ষতির তালিকাও দেওয়া হয়েছে। এ তালিকায় সবচেয়ে আগে আছে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া। সহিংসতার কারণে দেশটির আর্থিক ক্ষতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫৪ শতাংশ। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৮। সহিংসতার কারণে বাংলাদেশের জিডিপির ৪ শতাংশ ক্ষতি হয় বলে তালিকায় উল্লেখ করা হয়।
প্রতিবেদনে ব্যবহার করা সূচকগুলো ২০১৫ সালের। সেখানে বলা হয়, বাংলাদেশে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ বেড়েছে।
শান্তি সূচকের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান, নেপাল ও ভারতের অবস্থান আগের বছরের চেয়ে অবনতি হয়েছে। অন্যদিকে ভুটান, শ্রীলঙ্কা ও পাকিস্তানের অবস্থান আগের চেয়ে উন্নত হয়েছে।
আইইপির শান্তি সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তির দেশ আইসল্যান্ড। এরপর আছে ডেনমার্ক, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড ও পর্তুগাল। তালিকার একেবারে নিচে আছে সিরিয়া। এরপর দক্ষিণ সুদান।