বাংলাদেশ দল দ. আফ্রিকা যাচ্ছে শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছে ছয় খুদে গণিতবিদ। এ জন্য আজ রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন হয়। ছবি: নুরুন্নবী চৌধুরী
৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছে ছয় খুদে গণিতবিদ। এ জন্য আজ রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন হয়। ছবি: নুরুন্নবী চৌধুরী

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠেয় ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ছয় খুদে গণিতবিদ। আগামী শনিবার ভোররাতে ঢাকা ছাড়বে দলটি।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। গণিতের বিশ্ব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এ ছয় শিক্ষার্থী হলো ঢাকা কলেজের নুর মোহাম্মদ শফিউল্লাহ, ময়মনসিংহ জিলা স্কুলের আদিব হাসান, একই স্কুলের সানজিদ আনোয়ার, সিরাজগঞ্জ বি এল স্কুলের সাজিদ আখতার তুর্য, সিলেট সরকারি পাইলট স্কুলের আসিফ-ই-ইলাহি ও রাজশাহী কলেজের মুতাসিম মিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি জামিলুর রেজা চৌধুরী। তিনি অংশগ্রহণকারীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রতিযোগিতায় তাদের সাফল্য কামনা করে সবার দোয়া চান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার সারা দেশের ২২টি আঞ্চলিক গণিত উত্সবে অংশ নেয় ২৫ হাজার শিক্ষার্থী। আঞ্চলিক উত্সবে বিজয়ী এক হাজার ৫৫ জন শিক্ষার্থী নিয়ে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ঢাকায় আয়োজন করা হয় দ্বাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও জাতীয় গণিত উত্সব-২০১৪। সেখানে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির সেরা ৩৫ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় গণিত ক্যাম্প। ক্যাম্পের ফলাফলের ভিত্তিতে ছয় সদস্যের দল নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

এই ছয় প্রতিযোগীর দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওয়ানা হয়েছেন। উপ দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান ও পর্যবেক্ষক তামিম শাহরিয়ার শনিবার সকালে প্রতিযোগীদের নিয়ে দক্ষিণ আফ্রিকা রওয়ানা হবেন।

৭ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। ৮ ও ৯ জুলাই অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় এবার ১০৯ দেশের ৫৮০জন প্রতিযোগী অংশ নিচ্ছে।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বিগত নয়বারে বাংলাদেশ এ পর্যন্ত ১টি রুপা, ৯টি ব্রোঞ্জ ও ১৬টি সম্মানজনক পদক পেয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, গণিতবিদ খোদাদাদ খান, আনোয়ার হোসেন ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।