বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ দুর্নীতি। দুর্নীতির কারণে বাংলাদেশ বারবার পিছিয়ে যাচ্ছে। এ নিয়ে কথা হচ্ছে। কিন্তু এর লাগাম টেনে ধরতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।গত রোববার নিউইয়র্কের ম্যানহাটনে একটি সম্মেলনকেন্দ্রে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। তিনি বলেন, ‘নোবেলজয়ী ড. ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র সরকার ও কংগ্রেসের কাছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কারণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সুশীল সমাজ ও প্রতিষ্ঠানগুলোকে বিকাশের সুযোগ দিতে হবে।’মার্কিন রাষ্ট্রদূত বলেন, দ্বন্দ্ব-সংঘাত, বিভেদ-বিভক্তির কারণে বাংলাদেশে দুর্বল গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। সংঘাতের রাজনীতিই পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। এতে লাভবান হচ্ছে না কেউ।বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রবাসীদের ভূমিকা নিয়ে তিনি তাঁদের সঙ্গে কথা বলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়াবিষয়ক দুজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ড্যান মজীনা বলেন, ‘বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশ। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া এটিকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে না। এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে দুই দলকে একসঙ্গে কাজ করতে হবে।’মতবিনিময় সভায় নুরুন্নবী, কমিউনিটি নেতা গিয়াস আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।