বাংলাদেশ নিয়ে আইএলওর বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শ্রমমান ও শ্রম অধিকার নিয়ে বিশেষ অনুচ্ছেদটি প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। শ্রম অধিকারের বিশেষ অনুচ্ছেদটিতে দেওয়া সুপারিশগুলোর অনেক ক্ষেত্রে ‘প্রণিধানযোগ্য অগ্রগতি’ হওয়ায় গতকাল বৃহস্পতিবার জেনেভায় আইএলওর ১০৬তম সম্মেলনে তা প্রত্যাহার করা হয়।
জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান।
সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) ১৩ জুনের এক কর্ম–অধিবেশনে বাংলাদেশ সম্পর্কিত বিশেষ অনুচ্ছেদ নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক। আন্তর্জাতিক মানদণ্ডে ঘাটতি থাকায় বাংলাদেশের শ্রমমান নিয়ে গত আইএলসিতে বিশেষ অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছিল। ওই অনুচ্ছেদে শ্রম আইন, ২০১৩ তে সংশোধনী আনা, ইপিজেড আইনে সংগঠিত হওয়ার অধিকার পুরোপুরি নিশ্চিত করা, ট্রেড ইউনিয়নবিরোধী বৈষম্যের তদন্ত করা এবং ইউনিয়নের নিবন্ধন স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে করার কথা বলা হয়েছিল।