বাংলাদেশ নিয়ে প্রতিবেদন ছাপতে দিল না পাকিস্তান
বাংলাদেশের ব্লগারদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকার আন্তর্জাতিক সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদন পাকিস্তানি প্রকাশকেরা ছাপতে দেননি। এর ফলে পাকিস্তানের জন্য প্রকাশিত পত্রিকাটির কপিগুলোতে ওই প্রতিবেদনের অংশ ফাঁকা ছিল। ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট গত শনিবার এ কথা জানিয়েছে।
নিউইয়র্ক টাইমস-এর আন্তর্জাতিক সংস্করণ ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস বিভিন্ন দেশ থেকে বের হয়। বিভিন্ন দেশে সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে এটি ছাপানো হয়ে থাকে।
ইনডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস-এ গত শনিবার বাংলাদেশের ব্লগারদের নিয়ে ‘দ্য ইমপেরিলড ব্লগারস অব বাংলাদেশ’ (বাংলাদেশে ব্লগাররা বিপজ্জনক পরিস্থিতিতে) শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। কিন্তু পত্রিকাটির পাকিস্তানি কপিগুলোতে প্রতিবেদনটি ছিল না। পত্রিকাটির প্রথম ও দ্বিতীয় পাতায় যেখানে ওই প্রতিবেদনটি ছিল, তা ফাঁকা থাকে। পাকিস্তানে নিউইয়র্ক টাইমস-এর সংবাদদাতা সালমান মাসুদ টুইটারে প্রতিবেদনসহ ও প্রতিবেদন ছাড়া দুটি কপির ছবি টুইট করেন।