বাংলাদেশ নিয়ে ভারতীয় নীতি চ্যালেঞ্জের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার আর তেমন কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু। এই পরিস্থিতিতে রাজনৈতিক সংকটের বিষয়টি উল্লেখ করে পত্রিকাটি লিখেছে, এতে করে বাংলাদেশ নিয়ে ভারতের নীতি ভয়ানক চ্যালেঞ্জের মুখে পড়েছে।
গতকাল বুধবার প্রকাশিত দ্য হিন্দুর সম্পাদকীয়তে বাংলাদেশের রাজনৈতিক সংকটের প্রেক্ষাপট ও চলমান সহিংসতার বিষয়টি উল্লেখ করে বলা হয়, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কার্যত গৃহবন্দী। অপর বড় দল জাতীয় পার্টির নেতা এইচ এম এরশাদ নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়ার পর তাঁকে সামরিক হাসপাতালে নিয়েছে পুলিশ কমান্ডোরা। আর জামায়াতে ইসলামীকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। এই অবস্থায় একটি পোকায় খাওয়া নির্বাচনে নিশ্চিত বিজয়ী হতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
দ্য হিন্দু লিখেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে ভারতের সুসম্পর্কের বিষয়টি গোপন কিছু নয়। এই অবস্থান থেকে ভারতের পররাষ্ট্রনীতি এবং বিশেষ করে ভারতের জাতীয় স্বার্থ গত পাঁচ বছরে যতটা ভালো ছিল তেমটা আর কখনো ছিল না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামি জঙ্গিবাদ দমন করেছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহীদের যে ঘাঁটি বাংলাদেশে ছিল তিনি তা গুঁড়িয়ে দিয়েছেন। কিন্তু বিনিময়ে বাংলাদেশ তার যথাযথ প্রতিদান না পাওয়া—যেমন পানি চুক্তি না হওয়ায় বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব চাঙা হয়েছে। ভারত অন্তত শেখ হাসিনাকে এটুকু বলতে পারত, বিরোধীদের ওপর দমন-পীড়ন তিনি যেন কিছুটা কম করেন। কিন্তু এখন আর সেই সময় নেই।
দ্য হিন্দু মনে করে, বাংলাদেশে নির্বাচনের পরে সহিংসতা আরও বাড়তে পারে। আর প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে যে সরকার সেখানে ক্ষমতায় আসছে, তাদের সঙ্গে ভারতের সম্পর্ক তখন আরও জটিল হয়ে পড়বে।