বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রকে চাপ ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভূমিকা নিতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির চেষ্টা করছে ভারত। গতকাল শুক্রবার কলকাতার আনন্দবাজার পত্রিকায় অগ্নি রায়ের ‘বাংলাদেশ নিয়ে ভারতের চাপ আমেরিকা’কে শীর্ষক প্রতিবেদনে এ কথাই তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ নিয়ে হোয়াইট হাউসের অবস্থানে হতাশ সাউথ ব্লক। পরিস্থিতির গুরুত্ব বিচার করে, কোনো আড়াল না রেখেই সেই হতাশার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ভারত। পররাষ্ট্রসচিব সুজাতা সিং যুক্তরাষ্ট্র সফরে দেশটির পররাষ্ট্রসচিব ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে ঢাকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সুজাতা সিং মার্কিন নেতৃত্বকে জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার নিরাপত্তার প্রশ্নে পশ্চিমা বিশ্বের উচিত বাংলাদেশে গণতান্ত্রিক এবং হিংসামুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে সহায়তা করা।
কিন্তু এ ব্যাপারে এখনো যুক্তরাষ্ট্র সক্রিয় সহযোগিতার পদক্ষেপ নেয়নি বলে মনে করে ভারত। ভারতের সরকারি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র মনে করে, জামায়াতে ইসলামী জঙ্গিবাদের সমর্থক নয়। তাই রাজনৈতিক পরিসরে তাদের জায়গা দিলে, মৌলবাদী তালেবানপন্থীদের সঙ্গে লড়াইয়ে লাভবান হওয়া যাবে। আর এ কারণেই হোয়াইট হাউস থেকে শেখ হাসিনার কাছে ফোন গিয়েছে। তাঁকে অনুরোধ করা হয়েছে, বিএনপির কথা মেনে পদত্যাগ করে, সরকার ভেঙে দিয়ে ভোটে যেতে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিতর্কের সময় থেকেই যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হাসিনার আওয়ামী লীগ।
যুক্তরাষ্ট্র মনে করে, বিএনপি তাদের নীতির প্রতি অনেকটাই বিশ্বস্ত। তারা ক্ষমতায় এলে বাংলাদেশের বাজারে ঢোকা মার্কিনদের পক্ষে সহজ হবে। তাই রণকৌশলগত প্রশ্নেও বিএনপি জোট এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাম্য।
কিন্তু জামায়াতের হিংসাত্মক কাজের জন্য দেশের পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে। আর যুক্তরাষ্ট্রকে সে কথাই বোঝানোর চেষ্টা করছে নয়াদিল্লি। কাদের মোল্লার ফাঁসি এবং সহিংস ঘটনায় সীমান্ত পরিস্থিতি নিয়েও আশঙ্কায় ভারত। বিপুলসংখ্যক শরণার্থীর অনুপ্রবেশ ঘটতে পারে, এমন আশঙ্কাও রয়েছে নয়াদিল্লির।