বাংলাদেশ নৌবাহিনী আন্দামানে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নৌবাহিনীর আয়োজনে আন্দামানে শুরু হতে যাওয়া বহুজাতিক নৌ-মহড়ায় অংশ নেবে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশসহ ১৩টি দেশ এতে অংশ নিচ্ছে। অপর দেশগুলো হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম। আগামীকাল এই মহড়া শুরু হবে। এ যৌথ নৌমহড়ার উদ্দেশ্য হচ্ছে, নৌ-সীমানায় জলদস্যুতা দমন, সন্ত্রাস প্রতিরোধ ও অন্যান্য অপরাধ দমনের ব্যাপারে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়। এ ছাড়া বিদেশি জাহাজের নৌ-সীমা লঙ্ঘনসংক্রান্ত অভিজ্ঞতাও এই যৌথ মহড়ায় আলোচিত হবে। এ উপলক্ষে আয়োজিত সেমিনারের উদ্বোধন করবেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর লেফটেন্যান্ট জেনারেল ভুপিন্দর সিং। মহড়ায় অংশ নেওয়া ১৩টি দেশের মধ্যে আটটি দেশ বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। বাকি দেশগুলো তাদের প্রতিনিধি পাঠিয়েছে।ভারতের সহকারী নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল সুদর্শন শ্রীখণ্ডে বলেন, এই যৌথ নৌ-মহড়ার মধ্য দিয়ে অংশ নেওয়া দেশগুলো একে অন্যের নৌ-শক্তি সম্পর্কে ধারণা লাভ করবে।