বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগ প্রকাশ
বাংলাদেশের সহিংস পরিস্থিতি ও গণতন্ত্র চর্চার পরিবেশ সংকুচিত হওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সম্প্রতি যুক্তরাজ্য সফরে গেলে তাঁর কাছে এ উদ্বেগের কথা জানান দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী হুগো সয়ার।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারম্যান হিসেবে স্পিকার যুক্তরাজ্য সফর করেন।
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশ সম্পর্কিত এক লিখিত প্রশ্নের জবাবে গত বুধবার হুগো সয়ার স্পিকার শিরীন শারমিনের সঙ্গে তাঁর আলাপের প্রসঙ্গটি তুলে ধরেন। দেশটির লিবারেল ডেমোক্র্যাট দলীয় সাংসদ ডেভিড ওয়ার্ড সরকারের কাছে জানতে চান, বাংলাদেশের সাংবিধানিক সংকট মোকাবিলায় ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর সরকার ও বিপক্ষ দলগুলোকে কী ধরনের সহায়তা দিচ্ছে? জবাবে হুগো সয়ার বাংলাদেশে চলমান সহিংসতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার ঘটনায় যুক্তরাজ্যের গভীর উদ্বেগের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির মাধ্যমে সহিংসতা বন্ধে তাঁরা দলগুলোর প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছেন। এ ছাড়া সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে দেশটি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে উৎসাহিত করে যাচ্ছে বলে জানান তিনি।
এদিন অপর এক প্রশ্নের জবাবে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ডেসমন্ড সোয়েন জানান, বাংলাদেশের ১ হাজার ৮০০ কারখানায় কর্মপরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে যুক্তরাজ্য ৭০ লাখ পাউন্ডের বেশি সহায়তা দিচ্ছে।