বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উন্নয়ন চান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের মানুষের অতীত অভিন্ন এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে সমন্বিত প্রচেষ্টা দরকার। তিনি বলেন, এ ক্ষেত্রে পারস্পরিক প্রতিনিধি বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।গত শুক্রবার লাহোরে বাংলাদেশের গণমাধ্যমের ১০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করলে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।শাহবাজ শরিফ বলেন, আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তান যৌথ উদ্যোগে বিনিয়োগ করতে পারে। এ ছাড়া দুই দেশের বুদ্ধিজীবীরাও দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের পন্থা নির্দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।তিনি বলেন, জনগণের সেবাই গণতন্ত্রের মূল লক্ষ্য। এ কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের মৌলিক সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশি প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশিদের উন্নয়ন ও অগ্রগতি কামনা করেন।