বাংলাদেশ পিছিয়ে নেই: কৈলাস সত্যার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্তব্য দিচ্ছেন কৈলাস সত্যার্থী। ছবি: সাবিনা ইয়াসমিন
বক্তব্য দিচ্ছেন কৈলাস সত্যার্থী। ছবি: সাবিনা ইয়াসমিন

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী বলেছেন, সারা বিশ্ব দেখছে বাংলাদেশ পিছিয়ে নেই। এ দেশের তরুণদের পৃথিবী নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। এ দেশের তরুণেরা আর অপেক্ষা করবে না। তারা ইতিহাস তৈরি করবে।
রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ স্কুলে আজ রোববার বিকেল এক প্রচারণা অনুষ্ঠানে উদ্বোধন করে কৈলাস সত্যার্থী এ কথা বলেন। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে ও শিশুশ্রম বন্ধে ‘১০০ মিলিয়ন ফর ১০০ মিলিয়ন’ প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করে গণসাক্ষরতা অভিযান।
শিক্ষার্থীদের উদ্দেশ করে কৈলাস সত্যার্থী বলেন, ‘বিশ্বে ১০ কোটি শিশু-তরুণ শিক্ষা ও ভালো শৈশব থেকে বঞ্চিত। তোমরা ছাড়া এদের হয়ে কে কথা বলবে? তোমাদের মতো ১০ কোটি তরুণ অপেক্ষা করছে সমাজকে কিছু দেওয়ার জন্য।’
কৈলাস সত্যার্থী বলেন, শিশুরা কোনো সীমান্ত বা দেয়াল তৈরি করেনি। ইউরোপ, আমেরিকার শিশুরা, ভারতের শিশুরা, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তানের শিশুরা—এরা সবাই এক পৃথিবীর শিশু। এরা সবাই একই পৃথিবীতে হাঁটে। তিনি বলেন, শিশুরা কোনো যুদ্ধ তৈরি করেনি। তাই সময় এসেছে, শিশুদের কাছ থেকে; তরুণদের কাছ থেকে শিখতে হবে, পুরো পৃথিবীই এক। মুসলমান, হিন্দু, খ্রিষ্টানের দুনিয়া এক। কোনো শিশুই আর শোষিত থাকবে না। কোনো শিশুই আর দমিত বা নিপীড়িত থাকবে না।
২০১৬ সাল থেকে কৈলাস সত্যার্থীর উদ্যোগে পৃথিবীর বিভিন্ন দেশে গৃহীত হয়েছে ‘১০০ মিলিয়ন ফর ১০০ মিলিয়ন’ ক্যাম্পেইন। সুবিধাবঞ্চিত ১০ কোটি শিশু-কিশোর-যুবকদের জীবনমান উন্নয়নে বিশ্বের যুবসম্প্রদায়ের ১০ কোটিকে সম্পৃক্ত করা হবে এই প্রচারণায়। বাংলাদেশ থেকে এই প্রচারণার অংশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে গণসাক্ষরতা অভিযান।

অনুষ্ঠানে কৈলাস সত্যার্থী ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিশুশ্রম নিরসনে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ পাঠ করান। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতে তারা কাজ করবে বলে অঙ্গীকার করে।

২০১৪ সালে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পান ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী। দুজনেরই অবদানের ক্ষেত্র শিশু, শিক্ষা ও শৈশব।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, কৈলাস সত্যার্থীর উদ্যোগটি মহতি উদ্যোগ। দেশে ২০০১ সাল পর্যন্ত ৩৪ লাখ শিশুশ্রমিক ছিল। বিভিন্ন পদক্ষেপের পর তা নেমে আসে ১৭ লাখে। ২০২১ সালের মধ্য এ দেশে কোনো ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন করা হবে। ২০২৫ সালের মধ্যে এ দেশ থেকে শিশুশ্রম নিরসন করা হবে।

পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘যারা বঞ্চিত, শিশুশ্রম দিচ্ছে, তাদের বাঁচাতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করব।’

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘বঞ্চিত মানুষের ক্ষোভ ও যন্ত্রণা থেকেই এ দেশের জন্ম। রক্ত দিয়ে বাংলাদেশ তা প্রমাণ করেছে। শিক্ষা, সকিছুতেই বাংলাদেশ বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। শতভাগ ভর্তি নিশ্চিত করা গেছে। এখন আমাদের মূল টার্গেট মানসম্মত শিক্ষা। নিশ্চয়ই আমরা সফল হব।’

অনুষ্ঠানে হোসেন জিল্লুর রহমান, অধ্যাপক কাজী খলীকুজ্জমান আহমদ, আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, লেখক আনিসুল হক প্রমুখ বক্তব্য দেন।