বাংলাদেশ পিপিডির উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্টনার ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (পিপিডি) উন্নয়ন এবং অর্থপূর্ণ দক্ষিণ-দক্ষিণ সহযোগিতামূলক কর্মকাণ্ড গ্রহণে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজনন স্বাস্থ্য, জনসংখ্যা ও অন্যান্য সমস্যা-সম্পর্কিত বিষয় সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সরকার পিপিডি ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাকে অব্যাহত সহায়তা দিতে বদ্ধপরিকর।প্রধানমন্ত্রী গতকাল সোমবার রূপসী বাংলা হোটেলে পিপিডির সচিবালয় কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন। খবর বাসসের।বর্তমানে ২৫টি উন্নয়নশীল সদস্যদেশের আন্তর্জাতিক সংস্থা পিপিডি ১৯৯৪ সালে কায়রোয় জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের (আইসিপিডি) মাধ্যমে যাত্রা শুরু করে। সে সময় ১০টি দেশ এর সদস্য ছিল।বিশ্বের অনেক দেশের মতো জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকেও বিভিন্ন ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে প্রজনন ও পরিবারকল্যাণ-সম্পর্কিত বিষয়ে শিগগিরই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারব।’স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী গোলাম নবী আজাদ, চীনের জাতীয় জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা কমিশনের ভাইস মিনিস্টার চেন লি, পিপিডি বোর্ডের সেক্রেটারি বনিফেস ও কে’ওউগি এবং বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ও জাম্বিয়ার স্টেট ফর ওমেন্স অ্যাফেয়ার্সের সেক্রেটারি ইসাতু নিজি-সালডি বক্তৃতা করেন।প্রধানমন্ত্রী বলেন, ১০টি প্রতিষ্ঠাতা সদস্য দেশের একটি হিসেবে বাংলাদেশ শুরু থেকে এই সংস্থায় সক্রিয়ভাবে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।পিপিডিভুক্ত ২৫টি দেশে বিশ্বের ৫৭ শতাংশের বেশি মানুষ বসবাস করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘প্রজনন স্বাস্থ্য এবং জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক এজেন্ডা বাস্তবায়নে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা যাতে গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে ভূমিকা পালন করতে পারে, সে জন্য বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি ঢাকায় পিপিডির সচিবালয় স্থাপন এবং সুষ্ঠুভাবে এর কার্যক্রম চালাতে আমরা সব ধরনের সহযোগিতা দিচ্ছি।’প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালের সেপ্টেম্বরে ঢাকায় পিপিডি সচিবালয় স্থাপনের সময় থেকেই স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ বছরে ২০ হাজার মার্কিন ডলার দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে সংস্থাটিকে সহায়তা দিচ্ছে। সচিবালয় পরিচালনায় বাংলাদেশ এ পর্যন্ত ছয় লাখ মার্কিন ডলার দিয়েছে।