বাংলাদেশ পোলিওমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির দিল্লি কার্যালয় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১১টি দেশকে আনুষ্ঠানিক-ভাবে পোলিওমুক্ত ঘোষণা করে।
এই ঘোষণার ফলে বাংলাদেশের টিকাদান কর্মসূচির সাফল্য প্রমাণিত হলো। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশকে পোলিওমুক্ত করার জন্য ১৯৯৫ সাল থেকে জাতীয় টিকা দিবস পালন করা হচ্ছে। বাংলাদেশে ২০০৬ সালের ২২ নভেম্বর সর্বশেষ পোলিও রোগী শনাক্ত হয়। তখন থেকে বাংলাদেশ পোলিওমুক্ত অবস্থায় ছিল। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধানের কারণে বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করা হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট ও স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, একটি অঞ্চলকে পোলিওমুক্ত ঘোষণা করা হয়, কোনো দেশকে নয়। পোলিওমুক্ত ঘোষণার জন্য একটি অঞ্চলের প্রতিটি সদস্য দেশকে পর পর তিন বছর পোলিওমুক্ত থাকার প্রয়োজন হয়। ভারতে ২০১১ সালের ১৩ জানুয়ারি পোলিও রোগী শনাক্ত হওয়ায় এই অঞ্চলকে পোলিওমুক্ত ঘোষণা করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অন্য দেশগুলো হচ্ছে: ভারত, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, উত্তর কোরিয়া, থাইল্যান্ড, তিমুর লেসতে ও মিয়ানমার। গতকাল পোলিওমুক্ত ঘোষণা অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণাকে ‘অত্যন্ত আনন্দের সংবাদ’ বলেছেন পুষ্টিবিদ অধ্যাপক এম কিউ কে তালুকদার। প্রথম আলোকে তিনি বলেন, টিকাদান কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের নির্দেশনা যথাযথভাবে মেনে চলেছে। কর্মসূচি ঠিকভাবে বাস্তবায়নের জন্য নজরদারি ছিল। সময়ে সময়ে মূল্যায়নও হয়েছে। তাই এই সাফল্য এসেছে। বাংলাদেশ পোলিওমুক্ত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পোলিও ভাইরাসজনিত সংক্রামক রোগ। এই ভাইরাস স্নায়ুতন্ত্রে সংক্রমণ ঘটায় এবং সংক্রমণের কয়েক ঘণ্টার মধ্যে মানুষ পক্ষাঘাতের শিকার হয়। পোলিও আক্রান্ত প্রতি ২০০ জনের মধ্যে একজনের পক্ষাঘাত নিরাময় অযোগ্য হয়ে পড়ে, বিশেষ করে আক্রান্ত ব্যক্তির পা আর স্বাভাবিক হয় না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, আমেরিকা অঞ্চলকে ১৯৯৪ সালে, পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলকে ২০০০ সালে ও ইউরোপকে ২০০২ সালে পোলিওমুক্ত ঘোষণা করা হয়। বর্তমানে তিনটি দেশে পোলিও আছে। এ দেশ তিনটি হচ্ছে পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলের পাকিস্তান ও আফগানিস্তান এবং আফ্রিকা অঞ্চলের নাইজেরিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশা করছে, ২০১৮ সালের মধ্যে এই তিনটি দেশ থেকেও পোলিও নির্মূল সম্ভব হবে। সেটি হবে কোনো রোগ নির্মূলের দ্বিতীয় ঘটনা। এর আগে ১৯৭৯ সালে বিশ্বকে গুটিবসন্তমুক্ত ঘোষণা করা হয়।