বাংলাদেশ প্রগতি লেখক সংঘের দ্বিতীয় সম্মেলন শুক্রবার

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। আজ বুধবার সকালে রাজধানীর উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মেলন প্রস্তুতি পরিষদের যুগ্ম আহ্বায়ক কবি সাখাওয়াত টিপু বলেন, শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ সম্মেলন উদ্বোধন করবেন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। ওই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে জাতীয় সম্মেলনের আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে তুরস্ক, জাপান, ভারত, নেপালের প্রগতিশীল লেখকসহ সারা দেশের লেখকেরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের নিষ্পেষিত জনগোষ্ঠীর মতো লেখকেরাও তাঁদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত। সত্যিকার অর্থে লেখকদের স্বার্থ নিয়ে কথা বলার মতো গণতান্ত্রিক সাংস্কৃতিক পাটাতন নেই। মুক্তবুদ্ধি বিকাশে যে গণতান্ত্রিক রাষ্ট্র আর সমাজকাঠামো দরকার, বাংলাদেশে তা একবারে অনুপস্থিত।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, উগ্রবাদীদের চাওয়ায় পাঠ্যবই বদলে ফেলা হয়েছে এবং লেখক-প্রকাশককে গ্রেপ্তার করা হয়েছে, বইমেলার স্টল বন্ধ করে দেওয়া হয়েছে। মৌলবাদীদের খুশি রাখতে লেখক আর প্রকাশকদের সৃজনশীল চিন্তায় একের পর এক বাধা দিয়ে যাচ্ছে ‘স্বাধীনতার স্বপক্ষের শক্তি’ দাবিদার সরকার।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কার্যকরী সভাপতি ও দ্বিতীয় জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান কবি গোলাম কিবরিয়া পিনু। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ও চিত্রশিল্পী মতলুব আলী, অধ্যাপক এম এ আজিজ মিয়া, প্রচার সম্পাদক কবি রহমান মুফিজ, প্রকাশনা ও গবেষণা সম্পাদক শাহাদাত হোসেন, সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য কবি ও লেখক দীপংকর গৌতম প্রমুখ।