বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক, প্রতিবেদকের বিরুদ্ধে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম ও প্রতিবেদক আহমেদ আল আমীনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তার কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের ‘কাল্পনিক দিন’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করার পরিপ্রেক্ষিতে এ নোটিশ দেওয়া হয়।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে এই নোটিশ দিয়ে আদেশ দেন। এতে বলা হয়, ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় প্রতিবেদককে ট্রাইব্যুনালে হাজির হয়ে এবং সম্পাদককে আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব ও ব্যাখ্যা দিতে হবে।৩ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘বিজয় দিবসের আগেই সাঈদীর মামলার রায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, ‘কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ চলছে। ৯ ডিসেম্বরের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে। এরপর তিন দিনে প্রসিকিউশন এবং পাঁচ দিনে আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হতে পারে। সেই হিসেবে ২৭ ডিসেম্বরের মধ্যে এ মামলার রায় আসতে পারে।’ কাদের মোল্লার বিরুদ্ধে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন। অন্যদিকে দেলাওয়ার হোসাইন সাঈদী ও গোলাম আযমের মামলার বিচার চলছে ট্রাইব্যুনাল-১-এ।ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, প্রতিবেদনে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে দুই পক্ষের যুক্তি উপস্থাপনের সময়সীমা এবং তারপর চূড়ান্ত রায়ের দিন—প্রতিটি বিষয়ে কাল্পনিক তারিখ অনুমান করা হয়েছে। এই ভবিষ্যদ্বাণী কীভাবে করা সম্ভব? গণমাধ্যমের স্বাধীনতা বা কথা বলার অধিকারের নামে একটি বিচারাধীন মামলা নিয়ে কেউ এভাবে ভবিষ্যদ্বাণী করতে পারে না। আদেশে আরও বলা হয়, প্রতিবেদনে যেসব কথা বলা হয়েছে, তা মামলার স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এটি ট্রাইব্যুনাল আইনের ১১(৪) ধারায় বিচারযোগ্য বিষয়।...ট্রাইব্যুনালের জন্য আদালত অবমাননার কার্যক্রম হাতে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।গত ১৩ নভেম্বর একই ট্রাইব্যুনাল জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আসামিপক্ষের আনা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে দুটি পৃথক আদেশ দেন। ওই আদেশে বলা হয়েছিল, ট্রাইব্যুনাল আশা করেন, বিচারাধীন মামলা নিষ্পত্তির কাল্পনিক সময়সীমা বলার ক্ষেত্রে সংযত থেকে দায়িত্বশীল ব্যক্তিরা, বিশেষত ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্টরা বিবেচনাবোধের পরিচয় দেবেন। গতকালও ট্রাইব্যুনাল সেই আদেশের ওই অংশটির উল্লেখ করেন।