মানহানির মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক প্রকাশক মোস্তফা কামাল মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত সোমবার মুন্সিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাওহীদা আক্তার এই পরোয়ানা জারি করেন। একই মামলায় ওই দিন পত্রিকাটির সম্পাদক নঈম নিজাম ও মুন্সিগঞ্জ প্রতিনিধি লাভলু মোল্লা আদালতে হাজির হয়ে জামিন নেন। গত ১ মার্চ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-উল-আলম লেনিনকে নিয়ে ‘জমিদার বাড়ির দখল নিলেন কমিউনিস্ট লেনিন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি ভিত্তিহীন ও বানোয়াট আখ্যায়িত করে লেনিন বাদী হয়ে ১৫ মার্চ মুন্সিগঞ্জের আদালতে মামলা করেন। এই মামলায় আদালত পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, মুন্সিগঞ্জ প্রতিনিধি ও লেখক সালাম আজাদের বিরুদ্ধে সমন জারি করেন। এ পরিপ্রেক্ষিতে লেখক সালাম আজাদ উচ্চ আদালত থেকে জামিন নেন। বাদীপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ জানান, এই মামলার চার আসামির মধ্যে পত্রিকাটির সম্পাদক, মুন্সিগঞ্জ প্রতিনিধি ও লেখক সালাম আজাদ গত সোমবার আদালতে হাজির হন। তৎকালীন প্রকাশক হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সম্পাদক নঈম নিজাম ও মুন্সিগঞ্জ প্রতিনিধি লাভলু মোল্লাকে আদালত ২০ হাজার টাকা মুচলেকার বিনিময়ে দুজন আইনজীবীর জিম্মায় অস্থায়ী জামিন দেন। আসামিপক্ষের আইনজীবী মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, মামলায় সম্পাদক ও প্রতিবেদকসহ তিনজন জামিনে আছেন। পরে হাজির হয়ে সাবেক প্রকাশকের জামিন পেতে সমস্যা হওয়ার কথা নয়।এ ব্যাপারে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হানিফ গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর গ্রামের সাবেক জমিদার যদুনাথ রায়ের পরিত্যক্ত বাড়ি সরকারের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় ইজারা নিয়ে জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ইতিমধ্যে সেখানে জাদুঘর নির্মাণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এসব তথ্য গোপন করে বাংলাদেশ প্রতিদিন নূহ-উল-আলম লেনিনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। আমরা এ বিষয়ে প্রতিবাদ দিলেও পত্রিকাটি তা প্রকাশ করেনি। তাই আমরা আদালতে মামলা করি।’