বাংলাদেশ প্রশ্নে ভারতের অবস্থান বুঝলে লাভ হবে যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা যত বাড়ছে, ভারত তত বেশি করে চাইছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ‘দ্য হিন্দু’কে বলেন, ‘আমরা তৃতীয় কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কথা বলতে আগ্রহী নয়। কিন্তু কিছু অভ্যন্তরীণ প্রতিষ্ঠানকে ঘিরে বাংলাদেশ সরকারের কর্মকাণ্ড বিচার-বিশ্লেষণে তাদের (ওয়াশিটনের) দৃষ্টিভঙ্গি নিশ্চিতভাবে আমাদের (দিল্লির) থেকে ভিন্ন। ওয়াশিংটনে থাকার সময় আমি এটা লক্ষ্য করেছিলাম।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য কমানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে কাজ করছে।
সালমান খুরশিদ বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের বোঝাপড়াটা বুঝতে পারলে আমেরিকারই লাভ হবে। তিনি বলেন, ‘ভৌগোলিকভাবে আমেরিকার চেয়ে ভারত বাংলাদেশের বেশি কাছে অবস্থান করে। সুতরাং, এ অঞ্চল ও মানুষের অনুভূতি সম্পর্কে আমাদের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।’
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রধান বিরোধী দল বর্জন করার পর থেকে দেশের অভ্যন্তরে সহিংসতার পরিমাণ বেড়ে গেছে। তা ছাড়া জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর এবং বাকি নেতাদের মামলার রায়ের পর সহিংসতার পরিমাণ বেড়ে গেছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব করলেও প্রধান বিরোধী দলের নেত্রী তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সম্পর্কে সালমান খুরশিদ বলেন, বাংলাদেশের অবস্থান অবশ্যই অত্যন্ত নাজুক ও অস্থির। সরকার ও প্রধান বিরোধী দল কীভাবে নির্বাচন-প্রক্রিয়াটি এগিয়ে নেবে, সে ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে পারছেন না।
বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক জটিলতা নিয়ে ভারত বিশেষভাবে উদ্বিগ্ন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বন্ধু রাষ্ট্রের নির্বাচনে যা-ই ঘটুক, আমরা কারও পক্ষ নিতে পারি না। গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালিয়ে যেতে হবে এবং এই প্রক্রিয়াকে নস্যাত্কারী সহিংসতাকে প্রতিরোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’