বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্রও ভারতের স্বার্থ অভিন্ন: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ভারতের স্বার্থ অভিন্ন। তিনি বলেন, উভয় দেশই স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়।
মজীনা বর্তমানে নিজ দেশে অবস্থান করছেন। গত শনি ও রোববার তিনি মিশিগান অঙ্গরাজ্য সফর করেন। সেখানে প্রবাসী বাংলাদেশিদের একাধিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর মধ্যে তাঁর সম্মানে বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি এক নৈশভোজের আয়োজন করে।
প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়ের সময় মজীনা বলেন, বাংলাদেশে রাজনৈতিক সমস্যা সমাধানে বড় দলগুলোর মধ্যে সংলাপ ও শীর্ষ পর্যায়ে পারস্পরিক আলোচনা প্রয়োজন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়।
সবারই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে উল্লেখ করে মজীনা বলেন, রাজনৈতিক মতপার্থক্য নিয়ে সহিংসতা কারও কাম্য হতে পারে না। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতিসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টির প্রতি যুক্তরাষ্ট্র সতর্ক দৃষ্টি রাখছে।
মজীনা বলেন, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তৈরি পোশাকশিল্পে বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে উল্লেখ করে তিনি বলেন, রানা প্লাজার মতো আর যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এ জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সর্বতোভাবে সহযোগিতা করে যাবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান গেরি পিটার, হ্যামট্রামিক নগরের মেয়র ক্যারল মায়াস্কি, স্টেট সিনেটর হুন ইয়াং এবং বাংলাদেশিদের মধ্যে আহসান তাহমিম, নাজমুল হক হেলাল, সৈয়দ সাহেদুল হক, হেলাল উদ্দিন।
প্রবাসীদের পক্ষ থেকে ঢাকার মার্কিন দূতাবাসে কনস্যুলার সার্ভিস নিয়ে নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরা হয় রাষ্ট্রদূত মজীনার কাছে। এসব সমস্যা সমাধানে তিনি সচেষ্ট হবেন বলে তাঁদের আশ্বস্ত করেন।