বাংলাদেশ প্রসঙ্গে আজ মার্কিন সিনেট কমিটিতে শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটিতে আজ মঙ্গলবার বাংলাদেশ প্রসঙ্গে শুনানি হবে। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশের সময় রাত নয়টা) এই শুনানি শুরুর কথা।
মার্কিন সিনেটের ওয়েবসাইটে বলা হয়েছে, ওই কমিটির চেয়ারম্যান সিনেটর রবার্ট মেনেনদেজের সভাপতিত্বে ‘বাংলাদেশে গণতান্ত্রিক সমঝোতা ও শ্রমিক অধিকারের সমঝোতা’ শীর্ষক শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে একটি প্যানেলে বক্তব্য দেবেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং মার্কিন শ্রম দপ্তরের আন্তর্জাতিক শ্রমবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত সহযোগী আন্ডার সেক্রেটারি এরিক বিয়েল। অন্য প্যানেলে বক্তব্য দেবেন ওয়াশিংটনভিত্তিক ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অ্যালেন টশার ও শ্রমিক সংগঠন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির (বিসিডব্লিউএস) নির্বাহী পরিচালক কল্পনা আকতার।
আগামী মে মাসে যুক্তরাষ্ট্রে অবাধ বাজারসুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার বিষয়টি নির্ধারণের আগে এই শুনানি তাৎপর্যপূর্ণ। সম্প্রতি ঢাকায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সাংবাদিকদের জানান, জিএসপি ফিরে পেতে বাংলাদেশকে আরও পদক্ষেপ নিতে হবে।
পোশাক কারখানার কাজের পরিবেশ ও শ্রমিকের স্বার্থ সুরক্ষা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে গত ২৭ জুন বাংলাদেশের জিএসপি স্থগিত করে ওবামা প্রশাসন। সিনেটের এই কমিটিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমমান নিয়ে ইতিমধ্যে একাধিক শুনানি হয়েছে।