বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সভা
বাংলাদেশ প্রাথমিক স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার দিয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ প্রাথমিক স্বাস্থ্যসেবা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে
অগ্রাধিকার দিয়েছে। নিম্ন আয়ের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার কারণে দেশে দারিদ্র্য
কমেছে। ২০০৫ সালে দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ, বর্তমানে তা কমে ২৫ শতাংশে এসে দাঁড়িয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের
স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন। গতকালই বাংলাদেশ,
ভুটান, ভারত, নেপাল ও থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীরা তাঁদের নিজ নিজ দেশ থেকে কালাজ্বর নির্মুলে
ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা স্বাস্থ্য খাতে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দেন।
তিনি বলেন, ১৩ হাজারের মতো কমিউনিটি ক্লিনিক এখন চালু আছে। এসব ক্লিনিক থেকে গ্রামের মানুষ
সেবার পাশাপাশি বিনা মূল্যে ওষুধ পাচ্ছে। দেশে ই-স্বাস্থ্যসেবা ও টেলি-মেডিসিন সেবা প্রবর্তন করা
হয়েছে। দেশি ওষুধে ৯৭ শতাংশ চাহিদা পূরণ হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত ওষুধ পরীক্ষার গবেষণাগার
বাংলাদেশে স্থাপিত হয়েছে। এখন ৮৭টি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ।
চার দিনের এই সভায় বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া,
থাইল্যান্ড, পূর্ব তিমুর, শ্রীলঙ্কা, মিয়ানমার, গণপ্রজাতন্ত্রী কোরিয়ার স্বাস্থ্যমন্ত্রী যোগ দিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য
সংস্থার কর্মকর্তা ছাড়াও প্রায় ২০০ বিদেশি প্রতিনিধি এই আঞ্চলিক সভায় যোগ দিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান স্বাস্থ্য খাতে
বাংলাদেশের অর্জনের প্রশংসা করে বলেন, নারীরা দায়িত্ব পেলে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জেন্ডার,
অটিজমের মতো বিষয়ের অধিকতর উন্নতি হয়।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভারতের স্বাস্থ্য ও
পরিবারকল্যাণমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, স্বাস্থ্যের উন্নতি করতে হলে বিনিয়োগ বাড়াতে হবে, নতুন প্রযুক্তি
ব্যবহার করতে হবে। পাশাপাশি সনাতন চিকিৎসা ব্যবস্থা ও ওষুধের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি
বলেন, ওষুধ ব্যবহার করা হয় আরোগ্য লাভের জন্য, আর্থিক লাভের জন্য নয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পুনম
ক্ষেত্রপাল সিং ও স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মার্গারেট চ্যানের
সঙ্গে একান্তে বৈঠক করেন। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে এই সভা ১২ সেপ্টেম্বর শেষ হবে।
তিন চুক্তি: গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পর্যায়ে মন্ত্রীদের বৈঠকে তিনটি চুক্তি
স্বাক্ষর হয়। বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীরা তাঁদের নিজ নিজ দেশ থেকে
ভিসেরাল লেইশম্যানিয়াসি (কালাজ্বর) নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর
করেন।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী, মালদ্বীপ থেকে বাংলাদেশের মেডিকেল কলেজ
ও নার্সিং কলেজগুলোতে এখন মালদ্বীপের ছাত্রছাত্রীরা পড়তে আসবেন। একই সঙ্গে মালদ্বীপের
হাসপাতালে বাংলাদেশি চিকিৎসক ও নার্স কাজ করার সুযোগ পাবেন, বাংলাদেশের ওষুধও দেশটিতে
রপ্তানি হবে। চুক্তিতে বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী হুসেইন
রশিদ স্বাক্ষর করেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সনাতন ওষুধ আদান-প্রদানের চুক্তি হয়। বাংলাদেশের স্বাস্থ্যসচিব এম এম
নিয়াজউদ্দিন এবং ভারতের সিদ্ধা ও হোমিওপ্যাথি বিভাগের সচিব নীলাঞ্জন সান্যাল চুক্তিতে স্বাক্ষর
করেন। এতে করে দুই দেশের মধ্যে সব ধরনের প্রথাগত ওষুধের কাঁচামাল আদান-প্রদান করা হবে। দুই
দেশের আইন অনুযায়ীবিশেষজ্ঞ, দক্ষ চিকিৎসকের আদান-প্রদান হবে। এ ছাড়া স্বীকৃত প্রতিষ্ঠানে শিক্ষার
জন্য বৃত্তি এবং একটি একাডেমিক চেয়ার স্থাপনের ব্যাপারেও চুক্তি হয়।
বিমসটেকের মহাসচিবের সাক্ষাৎ: বাসস জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের সংস্থা
বিমসটেকের সফররত মহাসচিব সুমিত নাকানদালা গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সংসদ
ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় শেখ হাসিনা এই অঞ্চলের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে
বিমসটেকের সময়োচিত ও ফলাফলমুখী কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।
শেখ হাসিনা বলেন, বিশ্বের এই অঞ্চলে বিপুলসংখ্যক দরিদ্র মানুষের বসবাস। তাই দারিদ্র্যবিমোচন
বিমসটেকের লক্ষ্য হতে হবে। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী
সাংবাদিকদের এ কথা জানান।