বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ১৩ আগস্ট
দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আগামী ১৩ আগস্ট করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে আপিল বিভাগ বলেছেন, ১২ জুলাইয়ের মধ্যে বার কাউন্সিলের ভোটার তালিকা প্রকাশ করতে হবে। পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেল ও কাউন্সিলের সচিবকে এই ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৫ মার্চ বার কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা ও ৯ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হয়। এতে ভোটার সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৪৬৫ জন। ২০ মে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ভোটার তালিকায় ত্রুটি ও একই নাম একাধিকবার থাকার অভিযোগ জানিয়ে কাউন্সিলের নির্বাচিত পাঁচ সদস্য এবং ১০১ জন আইনজীবী ২৯ এপ্রিল কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে চিঠি দেন। এতে অভিযোগ করা হয়, আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা হলেও কাউন্সিল নিজস্ব নথির সাহায্য না নিয়ে আইনজীবী সমিতিগুলোর পাঠানো সদস্য তালিকা ধরেই ভোটার তালিকা তৈরি করেছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ১২ মে কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল বিশেষ সভা ডাকেন, যাতে নির্বাচন সাত দিন পিছিয়ে ২৭ মে করা হয় এবং ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
গত ১৭ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ পৃথক দুটি রিট আবেদন করেন। একটিতে ভোটার তালিকায় ত্রুটি ও তা সময়মতো প্রকাশ না হওয়ার পরিপ্রেক্ষিতে বার কাউন্সিল নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণা চেয়ে আবেদন করা হয়। অপর আবেদনে তিনি বার কাউন্সিল (সংশোধিত) আইন, ২০০৩-এর ৩ ধারা অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চান।
২১ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করলে বার কাউন্সিলের সচিব আপিল বিভাগে যান। পরে আপিল বিভাগ ওই আবেদনের শুনানি শেষে আজ এ আদেশ দেন।