বাংলাদেশ বিজয়ী জাতি হিসেবে টিকে থাকবে: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে উন্নত হবে। তিনি বলেন, অন্য কারও কাছ থেকে দয়া না চেয়ে বিজয়ী হিসেবে বিশ্বের জাতিগুলোর মধ্যে টিকে থাকবে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০১৫ উপলক্ষে আজ শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছে বাংলাদেশ। আমরা একটি বিজয়ী জাতি হিসেবে বসবাস করব এবং আমরা এভাবে আমাদের দেশকে গড়ে তুলব।
প্রধানমন্ত্রী বলেন, এই দেশ আমাদের, মাটি আমাদের এবং জনগণ আমাদের। তাই, সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশের জনগণ তাদের মাথা উঁচু করে বিশ্বের বুকে টিকে থাকবে।
২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে বলে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার জন্য শহীদ এবং যাঁরা বিরাট আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শেখ হাসিনা বলেন, দেশবাসী সব সময় মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান স্মরণ করবে।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশের সশস্ত্র বাহিনীর ভিত্তি গঠন এবং সশস্ত্র বাহিনীর জন্য মিলিটারি একাডেমি, সম্মিলিত স্কুল, ট্রেনিং স্কুল, প্রশিক্ষণ ও সাংগঠনিক কাঠামোর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। বাংলাদেশের বর্তমান সশস্ত্র বাহিনীর অস্তিত্ব এই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।