বাংলাদেশ বিমানে গেছেন ৪৫ হাজার হজযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট শেষ হয়েছে। গতকাল বুধবার বিমানের সর্বশেষ তিনটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। বিমান গত ৮ অক্টোবর হজ ফ্লাইট শুরু করে। গতকাল পর্যন্ত ৪৪ হাজার ৬৫২ জন বাংলাদেশি হজযাত্রী পরিবহন করেছে বিমান।গতবারের তুলনায় এ বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা প্রায় দ্বিগুণ। এবার ৯৩ হাজার ৮৬৫ জন বাংলাদেশি হজে যাওয়ার অনুমতি পান। প্রায় অর্ধেক হজযাত্রী সৌদি আরব গেছেন মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন বিমান সংস্থা ও দেশি বেসরকারি বিমান সংস্থা জিএমজির ফ্লাইটে।বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘চলতি বছর হজযাত্রী পরিবহনের প্রথম পর্যায়টি বাংলাদেশ বিমান সফলভাবে সম্পন্ন করেছে। ২০ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে।’হজ ফ্লাইটের জন্য নাইজেরিয়ার কাবো এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ভাড়া করা না করাকে কেন্দ্র করে কয়েক মাস ধরে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ও বিমানমন্ত্রীর মধ্যে ব্যাপক টানাপোড়েন চলে। সংসদীয় কমিটির একাধিক সদস্য কাবোর ওই উড়োজাহাজটি ভাড়া নেওয়ার জন্য চাপ দেন। তবে আইনি সমস্যার যুক্তিতে মন্ত্রী এর বিপক্ষে ছিলেন। শেষ পর্যন্ত কাবো এয়ারের বিমানটি ভাড়া করা হয়নি। মন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছরই হজযাত্রী পরিবহন নিয়ে টুকটাক কিছু না কিছু সমস্যা হয়ে থাকে। কিন্তু এবার নানা আশঙ্কার মধ্যেও নির্বিঘ্নে হজ ফ্লাইট শেষ হয়েছে।’ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও ভালো ব্যবস্থাপনার কারণেই তা সম্ভব হয়েছে বলে মনে করেন মন্ত্রী।