বাংলাদেশ বিমানের কর্মকর্তার জামিনের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের কলকাতার ব্যবস্থাপক (অপারেশন) মো. আরিফুর রহমানের জামিনের আবেদন খারিজ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের মহকুমা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁর পক্ষে জামিনের আবেদন জানানো হয়।আরিফুর রহমানের জামিনের আবেদন খারিজ করে তাঁকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন বিচারক। ২৬ সেপ্টেম্বর তাঁকে আবার আদালতে তোলা হবে।একটি চোরাচালানের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিফুর রহমানকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। গত ৩০ আগস্ট তাঁকে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের মহকুমা মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। আদালত তাঁকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন।আরিফুর রহমান গত ২৮ আগস্ট রাতে ৪৬ লাখ ৩০ হাজার রুপি মূল্যের মোবাইলের ইলেকট্রনিকস চিপস নিয়ে গেট থেকে বের হওয়ার সময় বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা তাঁকে আটক করেন। এর আগে এই বিমান কর্মকর্তার বিরুদ্ধে চোরাচালান কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার গোপন অভিযোগ পায় শুল্ক দপ্তর। এর পরই বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা বেশ কদিন ধরে তাঁর ওপর নজর রাখছিলেন। আরিফ পুলিশের কাছে স্বীকার করেন, দুই মাস ধরে তিনি চোরাচালানের সঙ্গে যুক্ত। ১৪ মাস আগে ঢাকা থেকে তিনি বদলি হয়ে কলকাতার বাংলাদেশ বিমান অফিসে যোগ দেন।