বাংলাদেশ বিমানের হংকং ফ্লাইট পুনরায়চালু
দীর্ঘ বিরতির পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-হংকং-ঢাকা গন্তব্যে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে। গত সোমবার থেকে নতুন করে এ ফ্লাইট চালু হলো। ওই দিন ঢাকা থেকে বেলা ১২টা ৫৫ মিনিটে ৭৮ জন যাত্রী নিয়ে হংকং অভিমুখে প্রথম ফ্লাটটি (বিজি-০৭৮) ছেড়ে যায়।
বিমান সূত্র জানায়, ৩১৪ আসনের একটি ডিসি-১০ উড়োজাহাজ দিয়ে সপ্তাহের প্রতি সোম ও শুক্রবার হংকং ফ্লাইট পরিচালনা করা হবে। হংকং থেকে নির্দিষ্ট দিনে সেখানকার স্থানীয় সময় রাত আটটায় ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৯৯২ সালে ঢাকা-হংকং গন্তব্যে প্রথম ফ্লাইট পরিচালনা শুরু করে। উড়োজাহাজ সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বরে হংকং ও নয়াদিল্লি গন্তব্যে ফ্লাইট চলাচল স্থগিত করে বিমান কর্তৃপক্ষ।
নতুন করে হংকং ফ্লাইট চালু হওয়ায় এখন বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক গন্তব্যের সংখ্যা দাঁড়াল ১৯-এ।
এর আগে ৪ মে থেকে ঢাকা-দিল্লি ফ্লাইটও পুনরায় চালু করে বিমান কর্তৃপক্ষ। এখন থেকে প্রতি শনি ও মঙ্গলবার বেলা পৌনে একটায় ঢাকা থেকে বিমানের দিল্লি ফ্লাইট ছেড়ে যাবে। একই দিন ভারতীয় সময় বেলা ১২টা ৫৫ মিনিটে দিল্লি থেকে ফিরতি ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। ১৬২ আসনের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে এ ফ্লাইট পরিচালনা করা হবে।