বাংলাদেশ বিশ্বে গণতন্ত্র এগিয়ে নেওয়ার নেতৃত্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিশ্বে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দিচ্ছে। ঢাল-তলোয়ার যা নিয়েই নামুক, বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না। এর পরও যারা ৫ জানুযারির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে, তারা অর্বাচীন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সংসদে গৃহীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় গতকাল রোববার প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ধন্যবাদ জানানোর প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ। আলোচনা শেষে প্রস্তাবটি কণ্ঠভোটে গৃহীত হয়। দেশের বাইরে থাকায় সাবের হোসেন চৌধুরী সংসদে ছিলেন না। আলোচনার সময় সভাপতির আসনে ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে স্পিকার শিরীন শারমিন সভাপতির আসনে এসে বসেন।
স্পিকার ও সাবের চৌধুরীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, আইপিইউ ও সিপিএ সারা বিশ্বের সংসদকে নেতৃত্ব দেয়, গণতন্ত্রের ধারক-বাহক। আপনারা জিতে বিশ্বের সংসদকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। আজ বাংলাদেশের ওপর বিরাট দায়িত্ব পড়েছে। বিশ্বব্যাপী গণতন্ত্রকে সুসংহত করার দায়িত্ব পড়েছে। গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জনগণের জন্য এ এক বিরল সম্মান। সরকারের পক্ষ থেকে আপনাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
শিরীন শারমিন ও সাবের হোসেন চৌধুরীকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘এই দুজনকে প্রার্থী দেওয়া নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, জিতবেন তো? আমি বলেছি, একজন প্রার্থীর অবস্থা একটু খারাপ, আরেকজনের অবস্থা তো ভালোই। তবে আমরা দুটোতেই জিতব।’
আলোচনায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশের ভেতরের বিরোধিতা, সংসদের বিরোধিতা, রাজপথের বিরোধিতা আর দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলা এক কথা নয়। এটা বঙ্গবন্ধু বলে গেছেন। এই সংসদের অর্জন হলো বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে সংসদীয় গণতন্ত্রের নেতৃত্ব দিচ্ছে।
আমির হোসেন আমু স্পিকারের উদ্দেশে বলেন, আপনাকে নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, বিশ্ববাসী ও আরব দেশগুলো যুদ্ধাপরাধীদের বিচার চায়। যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে, এ বিজয়ে তারা বুঝতে পেরেছে, তাদের ষড়যন্ত্র কাজে লাগবে না।
তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইপিইউ ও সিপিএ নির্বাচনে সঠিক প্রার্থী মনোনয়ন দিয়েছেন। যে কারণে দুজনই জিতেছেন।
মতিয়া চৌধুরী বলেন, বানরে কি বুঝবে কর্পূরের স্বাদ। যারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তারা জানেই না আসলে আইপিইউ ও সিপিএ কী।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান বলেন, শেখ হাসিনা এখন বিশ্বনেতা।
আলোচনায় আরও অংশ নেন চিফ হুইপ আ স ম ফিরোজ, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ফারুক খান, আলী আশরাফ, আবদুল মতিন খসরু, হুইপ শহীদুজ্জামান সরকার, আবদুল মান্নান, আব্দুস শহীদ, মইন উদ্দীন বাদল, হাছান মাহমুদ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ প্রমুখ।