বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীকে পরিণত হয়েছে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীকে পরিণত হয়েছে। এখানে সব ধর্মের মানুষ সহাবস্থানের মাধ্যমে নিজ নিজ ধর্ম পালন করছে। বিদ্যমান এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে হবে। খবর বাসস ও ইউএনবির।রাষ্ট্রপতি গতকাল বৃহস্পতিবার মিরপুর রোড-১, দারুস সালাম রোডে পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণদানকালে এসব কথা বলেন। কুয়েত ওয়াক্ফ পাবলিক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি (কেজেআরসি) মসজিদটি নির্মাণ করবে। চারতলাবিশিষ্ট এই মসজিদে একই সঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।কুয়েতের ওয়াক্ফ অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী মোহাম্মাদ আব্বাস রাবাই আল-নোমাস, ওয়াক্ফ পাবলিক ফাউন্ডেশনের মহাসচিব ড. আবদুল মোহসেন আল-জারুল্লাহ আল খোরাফি ও বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আল-দাফিরি অনুষ্ঠানে বক্তৃতা করেন। রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশে মসজিদভিত্তিক ইসলামি শিক্ষা ও জ্ঞানচর্চার বিকাশে ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপন করে ইসলামি শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। একইভাবে বর্তমান সরকারও জনগণের ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পবিত্রতা রক্ষায় বদ্ধপরিকর। এই পবিত্র মসজিদ নির্মাণে মূল্যবান সমর্থন ও আর্থিক সহায়তা প্রদানের জন্য রাষ্ট্রপতি কুয়েত সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।