বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসন দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক সেমিনারে বক্তারা বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে বাংলাদেশ বেতারকেও পরিবর্তনশীল ও আধুনিক হতে হবে। সরকারি নিয়ন্ত্রণ থেকে বের করে বেতারকে স্বায়ত্তশাসন দিতে হবে। সর্বোপরি মানুষের চাহিদা অনুযায়ী সংবাদ ও অনুষ্ঠান প্রচার করতে হবে।
বাংলাদেশ বেতারের হীরকজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে গতকাল বুধবার আগারগাঁওয়ে বেতার ভবনে এ সেমিনার হয়। ‘দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে আমাদের বেতার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বেতার কর্তৃপক্ষ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি যখন সাংসদ ছিলাম না, তখনো বেতারের স্বায়ত্তশাসনের কথা বলেছি, সাংসদ হওয়ার পরও বলেছি। মন্ত্রী হিসেবে এখনো বলছি, স্বায়ত্তশাসন দরকার।’ তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর মধ্যে বাংলা একাডেমি ও জাতীয় জাদুঘরই কেবল স্বায়ত্তশাসিত। এ দুটি প্রতিষ্ঠানই ভালো চলছে।
মন্ত্রী বলেন, মানুষ অনুষ্ঠান শুনছে কি না, কতটুকু শুনছে—এ বিষয় জানা জরুরি। এ জন্য জরিপ জরুরি। এই জরিপ নিজেরা করলে চলবে না। পেশাগত প্রতিষ্ঠান দিয়ে নিয়মিত এই জরিপ করতে হবে। তিনি বলেন, ‘প্লেটে কী খাবার দিচ্ছি, তা উপভোগ করছে কি না, তা জানা জরুরি।’
বর্তমানে শিশুদের ওপর পড়াশোনার চাপের কথা উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, জিপিএ-৫ নির্যাতনের ফলে মা-বাবা, শিক্ষক-শিক্ষিকারা ছুটছেন। ছাত্রছাত্রীদের নিঃশ্বাস ফেলার সুযোগ নেই।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী স্বাধীনতার পর বেতারের দায়িত্ব নেওয়ার ইতিহাস তুলে ধরেন। তিনিও বেতারের স্বায়ত্তশাসনের পক্ষে বলেন।
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, একাত্তর সাল বাদে স্বাধীনতার আগে এবং পরে বেতার সরাসরি সরকার-নিয়ন্ত্রিত। স্বায়ত্তশাসন দিলে ভাবমূর্তি উজ্জ্বল হবে। আর নিয়ন্ত্রণ সীমানার বাইরে গেলে সরকার ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হবে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, রেডিও আজকে নাগরিক জীবনে খুব প্রভাব রাখতে পারছে না। সেটি টেলিভিশন দখল করে নিয়েছে। তবে চ্যানেলগুলোও অতিমাত্রায় বাণিজ্যিকভিত্তিক হয়ে গেছে। এ জন্য দর্শকেরা বিরক্ত হয়ে পার্শ্ববর্তী দেশের টেলিভিশন চ্যানেল দেখে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার বলেন, বেতারকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এফএম রেডিও ভাষার বিকৃতি করছে বলে অভিযোগ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজা শ্রোতা জরিেপর ওপর জোর দিয়ে বলেন, বেতারের ব্র্যান্ড ইমেজও তৈরি করতে হবে। তিনি বলেন, স্বায়ত্তশাসনের দাবি আসবেই। তবে এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। একই বিভাগের আরেক শিক্ষক কাবেরী গায়েন বলেন, বেতারকে ইন্টারনেটে নিয়ে যেতে হবে, যাতে যেকোনো জায়গায় বসে শোনা যায়।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাংবাদিক আবেদ খানের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, আশফাকুর রহমান খান, রেডিও ভূমির কর্মকর্তা শামস সুমন, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান প্রমুখ।