কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক স্মারক রৌপ্যমুদ্রা অবমুক্ত করতে যাচ্ছে। আজ শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ একাডেমিতে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ স্মারকমুদ্রা অবমুক্ত করবেন। খবর বাসসের।রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সব কার্যালয়ে বিশেষ এ মুদ্রা পাওয়া যাবে। এ ছাড়া সব বাণিজ্যিক ব্যাংক থেকেও গ্রাহকেরা স্মারক মুদ্রা সংগ্রহ করতে পারবেন। সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে এটি সংগ্রহ করা যাবে। মুদ্রার এক পিঠে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি এবং অন্য পিঠে তাঁর একটি বিখ্যাত কবিতার পঙিক্ত মুদ্রিত আছে। কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি বিভাগের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার স্মারক মুদ্রা তৈরি করেছে। গ্রাহকদের চাহিদার ওপর ভিত্তি করে ভবিষ্যতে আরও মুদ্রা তৈরির পরিকল্পনা রয়েছে।