বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সোনালী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এর নিরপেক্ষ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে এরূপ অর্থ আত্মসাতের ঘটনা ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিবীক্ষণে কলঙ্কময় দুর্বলতার প্রমাণ। অন্যদিকে ঘটনার সঙ্গে প্রভাবশালী মহলের যোগসাজশ প্রকারান্তরে রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করে দুর্নীতি প্রসারের আশঙ্কাজনক ইঙ্গিত বহন করছে।’বিবৃতিতে বলা হয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রীর দ্বান্দ্বিক অবস্থান দুঃখজনক। এটা একদিকে যেমন ঘটনার সুষ্ঠু তদন্তের পক্ষে সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে, অন্যদিকে পুরো ব্যাংকিং ও আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতার সুযোগ সৃষ্টি করবে।বিবৃতিতে অর্থমন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমন্বয়ের অভাব অবিলম্বে দূর করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কোনোরকম ভয়ভীতি বা করুণার প্রভাবমুক্ত হয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের কাছে দাবি জানায় টিআইবি।